আমরা যৌথ প্রযোজনায় একটা দানবের পাল্লায় পড়েছি : আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

আমরা যৌথ প্রযোজনায় একটা দানবের পাল্লায় পড়েছি। এদের হাত থেকে মুক্ত হলে দেশ দেশের জনগণ সবাই মুক্ত হবে, গণতন্ত্রমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাওলানা ভাষানী ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গ শিলিগুড়ি থেকে দার্জিলিং যান। তিস্তা নদীর পাড় দিয়ে যদি যান তাহলে কিছুদূর যেতে যেতে দেখতে পাবেন বাঁধ তৈরি করে জলজ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আবার শিলিগুড়ি থেকে সিকিম যান তিস্তার ওই পার দিয়ে সেখানে দেখতে পারবেন কিছুক্ষণ পর পর এরকম বাঁধ তৈরি করে জলজ বিদ্যুৎ উৎপাদন করছে। সুতরাং এক ফারাক্কা বাঁধ নয় অসংখ্য ফারাক্কা বাঁধ তৈরি করে আমাদেরকে মরুভূমির দেশে পরিণত করছে তারা (ভারত)। আর আওয়ামী লীগ বলে বেড়ায় ভারতের সাথে নাকি আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক। তাদের আওয়ামী লীগ বলে বেড়ায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতে গিয়ে যা যা করা দরকার করে এসেছে।’
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘শেয়ার মার্কেটের চোর, টাকা পাচারকারী, দুর্নীতিবাজরা আজ মন্ত্রী হয়েছে। তিনি শেখ হাসিনা নিজে বলেন সচিবরা এত ক্ষমতাশালী মন্ত্রীরা তাদের আন্ডারে চলে। এই হচ্ছে দেশের অবস্থা। এর থেকে বেড়িয়ে আসতে হলে আমাদেরকে শপথ করতে হবে।’
আয়োজক সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা নজরুল হক নান্নু, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষকদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ব্রেকিংনিজের সম্পাদক মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ