চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর ইতিহাসটা সবার কাছে তুলে ধরতে পারি এই ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে। এভাবে শিশুদের কাছে পৌঁছে দিতে হবে বঙ্গবন্ধুর আদর্শ। তাহলে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসেবে।
বৃহস্পতিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযুদ্ধের চেতনায় একজন বীরাঙ্গনার কাব্যকথা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক একাত্তর’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে মন্ত্রী বলেন, এই চলচ্চিত্র দেখে আমর মনে হলো আমরা সেই পুরনো অতীতে ফিরে গিয়েছি। এই চলচিত্রে বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব ও একজন বীরাঙ্গনা মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা হয়েছে। এখানে একঢিলে অনেক পাখি মারা হয়েছে। স্বাধীনতাপূর্ব ও পরবর্তী সমাজ ব্যবস্থা ফুটে উঠেছে। এই চলচ্চিত্রে বীরাঙ্গনাদের আর্তনাদ ও সংগ্রামের চিত্র উঠে এসেছে।
এ সময় তিনি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করেন। এছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
মায়ের আঁচল মিডিয়ার প্রযোজনায় ও বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেন বাহার উদ্দীন খেলন। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ, নাসরিন হেলালী, দিঘী প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ