ঢাকা রেঞ্জের ভুয়া ডিআইজি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৯, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৯, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের পরিচয় ব্যবহার করে প্রতারণার দায়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) রাজধানীতে ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবীব খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬), পিতা-খোরশেদ আলম, মাতা-ফাতেমা বেগম, সাং-নগরভেলা, থান-কালীগঞ্জ, জেলা-গাজীপুর একজন মাদকসেবী এবং মাদক বিক্রেতা। সে তার সহযোগী হৃদয় আহমেদ (৩০), পিতা-মো. হানিফ সরকার, মাতা-মৃত ফজিলা খাতুন, সাং-কেতুন, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর সম্মিলিতভাবে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সে সাভার থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার জন্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পরিচয় দিয়ে আসছে। নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য সে তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের সরকারী মোবাইল নম্বর এ ফরওয়ার্ড করে রাখে। কেউ তাকে ফোন দিলে সেই ফোনকলটি ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের সরকারী নম্বরে চলে যায়। এভাবে সে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন সাধার ব্যক্তি ও সরকারী বিভিন্ন কর্মকর্তাদের নিকট নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে আর্থিক সুবিধা গ্রহন করেছে।
মোবাশ্শিরা বলেন, তারা বিভিন্ন সরকারী কার্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়েও এমন প্রতারনা করেছে।
জনতার আওয়াজ/আ আ