সিলেট-রাজশাহী নির্বাচনে নারী ভোটারদের ভিড় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-রাজশাহী নির্বাচনে নারী ভোটারদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিলেট-রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটারদের ভিড়। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক কেন্দ্রে ভোর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুই সিটিতেই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) নতুন অন্তর্গত ৩৮ নং ওয়ার্ডের রাশিদিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট শুরুর আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএমে ভোট দেওয়া নিয়ে এক ধরনের কৌতুহল কাজ করছে তরুণ ভোটারদের মধ্যে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নারী-পুরুষ ভোটাররা ভোট দিতে শুরু করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়- পুরুষদের চাইতে নারী ভোটারের লাইন দীর্ঘ। তাদের মাঝেও রয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

এদিকে নগরের সারদা হল কেন্দ্রে ভোটারের হিসেব অনুযায়ী পুরুষের তুলনায় নারী সংখ্যা কম। তবে ভোটের লাইনে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষণীয়। এ কেন্দ্রে দু’টি বুথে নারীদের ও তিনটিতে পুরুষের ভোটগ্রহণ চলছে। এছাড়া দক্ষিণ সুরমার ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রেও দেখা গেছে একই চিত্র। এখানেও পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের আধিক্য লক্ষ্য করা গেছে।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১৯০টি। এর মধ্যে ১৩২ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার বর্ধিত এলাকাসহ এবার মোট ৪২টি ওয়ার্ড নিয়ে সিসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা হলেন ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার।

এই প্রথম রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন। সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। সে সময়ই ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়। ভোটকেন্দ্রের চারপাশে পোস্টার, ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ইভিএমে প্রথমবারের মতো ভোট দিয়ে নুরজাহান বেগম বলেন, মেশিনে ভোট দিতে কিছুটা সমস্যা হয়েছে। আমার ছেলের বউ দেখিয়ে দিয়েছে কীভাবে ভোট দিতে হয় সেভাবেই দিয়েছি। আমরা আগের দিনের মানুষ আমাদের কাছে আগের ভোট দেওয়াই সহজ ছিল। এই বছরই প্রথম ভোট দিলেন তাসনিয়া। তিনি বলেন, খুব উৎসবমুখর ভাবে ভোট দিতে এসেছিলাম। ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। প্রথমবার ভোট দিলাম সেটাও ইভিএমএ এটা আরও বেশি ভালো লাগা কাজ করছে।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯১ জন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

রাজশাহী সিটিতে ১৫৫টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৫৩টি ভোটকক্ষে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এরমধ্যে ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ৮০৯জন মহিলা এবং ছয়জন হিজড়া ভোটার রয়েছেন। মেয়র পদে চারজন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ