পদত্যাগের প্রশ্নে সরকারের টালবাহানা করার কোনো অবকাশ নেই : গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগের প্রশ্নে সরকারের টালবাহানা করার কোনো অবকাশ নেই : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

পদত্যাগের প্রশ্নে সরকারের টালবাহানা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সংবিধানের দোহাই দিয়ে সরকার ও সরকারি দলের ক্ষমতা আঁকড়ে থাকার কোনো সুযোগ নেই। সরকারের পদত্যাগের ঘোষণার আগে তাদের কোনো ফাঁদে পা দেয়া যাবে না।

বুধবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মুলতবি সভা শেষে গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগের প্রশ্নে টালবাহানা করার কোনো অবকাশ নেই। ২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন ভোট জালিয়াতি আর একতরফা নির্বাচনী তামাশার পর এই সরকারের অধীনে আর একটি সাজানো নীলনক্সায় জাতীয় নির্বাচনের‍ প্রশ্নটাই অবান্তর।

সভার প্রস্তাবে দম্ভ ও কূটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সাথে আলোচনার সুযোগ রয়েছে। এর আগে সরকার ও সরকারি দলের কোনো ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেবার কোনো অবকাশ নেই।

সভার প্রস্তাবে চলমান গণসংগ্রামকে আরো জোরদার করতে আন্দোলনরত সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় আন্দোলনের যৌথ ঘোষণায় গণতন্ত্র মঞ্চের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
সভায় কাঁচা মরিচ, পেঁয়াজসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের ‘ফ্রিস্টাইল’ মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করা হয় এবং বলা হয় সরকারের ব্যর্থতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

সভায় আরো উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দিপু সাকিব আনোয়ার, জেএসডির সহ-সভাপতি সিরাজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসিব উদ্দিন হোসেন ও ফরিদুল হক।

সভায় আগামী ৭ জুলাই মঞ্চের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ