শান্তিপূর্ণ কর্মসূচিতে গুরুত্ব বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শান্তিপূর্ণ কর্মসূচিতে গুরুত্ব বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ

 

তফসিল ঘোষণার প্রাক্কালে ঢাকা ঘেরাও, হরতাল, অবরোধের মতো বড় কর্মসূচি ঘন ঘন ঢাকামুখী কর্মসূচিতে প্রাধান্য, ২৭ জুলাই মহাসমাবেশ থেকে আসতে পারে পদযাত্রা, সমাবেশ, গণ অবস্থান, মানববন্ধন, বিক্ষোভের মতো যুগপৎ কর্মসূচি

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আসতে পারে পদযাত্রা, সমাবেশ, গণঅবস্থান, মানববন্ধন, বিক্ষোভের মতো যুগপৎ কর্মসূচি। অবস্থা বুঝে ধাপে ধাপে তা আরও কঠোর কর্মসূচির দিকে নিয়ে যাবে দলটি। এবার ঢাকামুখী কর্মসূচিকেই অধিক প্রাধান্য দেওয়া হবে। ঘন ঘন কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে রাজধানীতে। আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে ঢাকা ঘেরাও, হরতাল, অবস্থান, অবরোধের মতো বড় কর্মসূচিতে যাওয়ার চিন্তাভাবনা করছে দলটি। এসব কর্মসূচি ঘোষণা নির্ভর করবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ওপর। তবে কোনো ধরনের সহিংস পথে না হেঁটে জনগণকে ব্যাপক হারে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ সিরিজ কর্মসূচির মাধ্যমেই বিজয়ের লক্ষ্যে পৌঁছে নজির সৃষ্টি করতে চায় বিএনপি। দলের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি সব সময়ই নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। জনসাধারণকে সম্পৃক্ত করার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই বিএনপি চূড়ান্ত আন্দোলনের দিকে এগিয়ে যাবে। মানুষ রাজপথে নেমে এসেছে। জনগণের এই সংগ্রামের বিজয় আসন্ন। দুর্বার গণআন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচিও এবার সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। সে কারণে ক্ষমতাসীন সরকার এ ধরনের কর্মসূচিও বরদাশত করতে না পেরে অতীতের মতো হামলা-মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। আবারও গায়েবি মামলা দেওয়া শুরু করেছে সারা দেশে। বিএনপি এর বিপরীতে পাল্টা কোনো সহিংস কর্মসূচিতে না গিয়ে, সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে নিয়মতান্ত্রিক অহিংস কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি আগামী ২৭ জুলাই। সেদিন ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। সেই সমাবেশ থেকে ঘোষণা করা হবে তৃতীয় ধাপের কর্মসূচি। তবে এর আগে যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত জেনে নেওয়া হবে। কর্মসূচি চূড়ান্ত করা হবে মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে। তবে আগের কয়েকটি বৈঠকে পদযাত্রার পর মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বিএনপির র্শীষস্থানীয় নেতারা। ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির বিশাল সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবির ভিত্তিতে ঢাকাসহ দেশব্যাপী দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।সে অনুযায়ী ১৮ ও ১৯ জুলাই রাজধানীসহ দেশজুড়ে পদযাত্রার মধ্য দিয়ে এক দফা আন্দোলনের প্রথম দফা কর্মসূচি নিয়ে মাঠে নামে বিএনপি। দলটির কেন্দ্রীয় দফতর থেকে দাবি করা হয়েছে, ১৮ জুলাই প্রথম দিনের কর্মসূচিতে লক্ষ্মীপুরে সংঘর্ষে একজন নিহত হওয়া ছাড়াও ৯ জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দুই দিনে আওয়ামী লীগ ও পুলিশের হামলায় প্রায় তিন হাজার নেতা-কর্মী আহত হয়েছেন এবং দুই হাজারের বেশি নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও দলটির দাবি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার বিএনপিকে দূরে রেখে একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা ধরে রাখার নীলনকশা তৈরি করেছে। আবারও বিএনপির নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দেওয়া শুরু করেছে। পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাজানো রায় দিয়ে বিএনপি নেতাদের নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা করেছে। হত্যা, মামলা, হামলা, গ্রেফতার-নির্যাতন তো আছেই। কিন্তু মানুষ আর এসব সহ্য করবে না। তারা জেগে উঠেছেন। রাজপথে নামা শুরু করেছেন। অবৈধ এই সরকারকে পতনের স্বাদ নিতেই হবে ইনশা আল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ