পার্টি অফিসে পাহারার জন্য লোক পাচ্ছে না আ’লীগ: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ তাদের পার্টি অফিসে পাহারা বসানোর লোক খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যেগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এর আগে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা দু’দিনের অবরোধের সমর্থনে বিজয়নগর থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে।
সাইফুল হক বলেন, সরকারের এমন দমন-নিপীড়নের পরও দেশবাসী হরতাল ও অবরোধ সফল করছে। তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই।
আওয়ামী লীগ তাদের পার্টি অফিসে পাহারা বসানোর লোক খুঁজে পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, গতকাল গণমাধ্যমে দেখলাম গত ১৫ বছরে হাজার-হাজার কোটি টাকা লুট করেছে, সম্পদ গড়েছে সেটা রক্ষার জন্য ব্যস্ত আছে। তারা আওয়ামী লীগের পার্টি অফিস রক্ষার জন্য লোকজন জড়ো করার চেষ্টা করছে। কিন্তু সে পার্টি অফিস রক্ষার জন্য তেমন লোকজন পাচ্ছে না।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে জেলায় জেলায় শান্তি কমিটি গঠন করেছিল ঠিক সেইভাবে বর্তমান অবৈধ সরকার, ভোট ডাকাতের সরকার শান্তি সমাবেশ করছে এবং শান্তি কমিটি গঠন করছে নিজেদেরকে রক্ষা করার জন্য। কিন্তু পাকিস্তানিরা শান্তি কমিটি করে নিজেদের শেষ রক্ষা করতে পারেনি। এই সরকারও শান্তি সমাবেশ করে শান্তি কমিটি করে কোনোভাবে তাদের অবৈধ গদি রক্ষা করতে পারবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরবে গিয়েছেন ওমরা করতে। আশা করি প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার শেষ ওমরা। তিনি গত ১৫ বছরে যে অন্যায় অবিচার করেছে তার জন্য হয়তো ক্ষমাপ্রার্থনা করতে গিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ