প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৪, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বর্তমানে সিনেমার চেয়ে রাজনীতিতে সরব অভিনেত্রী মাহিয়া মাহি। নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ নিয়মিতভাবে মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গেছে তাকে। এছাড়া বিভিন্ন সময় প্রচার-প্রচারণা চালিয়েছেন মাহি।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দুটি আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। কিন্তু আসন দুটির একটিতেও মনোনয়ন পাননি। তাইতো এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনের জন্য লড়তে যাচ্ছেন মাহি। প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

মাহি বলেন, আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চেয়েছিলাম। এজন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারাও মনোনয়ন পাওয়ার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখানে আমার কোনো খারাপ লাগার বিষয় নেই। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি, যাতে বিশ্ববাসী দেখে। আশা করছি, এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।

মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এ আসনের এমপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ