গণতান্ত্রিক আন্দোলন বৃথা যাইনি, যাবে না : ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেবো না। তাই আমরা মনে করি, জনগণ আমাদের সাথে আছে। জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। এই সরকার টিকে থাকতে পারবে না।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ দিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই লিফলেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে তাঁতী দল ও ওলামা দল।
লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরো বলেন, ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। যেখানে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সেখানে ৪০ শতাংশ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন বৈধতা দেয়ার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, আমরা (বিএনপি) নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণের কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই আমরা মনে করি, নির্বাচনটি জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার আরেকটি হীন প্রচেষ্টা চালানো হয়েছে। তারই বিরুদ্ধে আজকে নির্বাচনের পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছি। আগামীকালও আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ। তারা পর্যালোচনা করে যেটা বলবে, নিশ্চই বলবে, তারা দেখেছে, তারা বলেছে, নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ করেননি। অতএব তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সত্যিকার অর্থে দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তারা সেটি বলবে।
জনতার আওয়াজ/আ আ