অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন অভিযান চালিয়ে বন্ধ করে দিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো শিগগিরই অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এজাজ বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান করে এগুলো বন্ধ করে দেবো।
ডিএনসিসির ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজে মোট ২০ কি.মি. রাস্তা, ৩৪ কি.মি. নর্দমা ও ১৫ কি.মি. ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক।
নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ‘বাড়ির মালিক সমিতিগুলোকে অনুরোধ করবো, আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে দেবেন না। পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেবেন না। সিটি করপোরেশনের সঙ্গে স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা ও হকারদের সরানো সহজ হবে।’
নগরবাসীর উদ্দেশ্যে মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা বিভিন্ন হাউজিং কোম্পানি থেকে প্লট কেনার আগে মৌজা ম্যাপ চেক করে দেখবেন জলাধার কিনা। জলাধার হলে দয়া করে সেই প্লট কিনবেন না। জলাধার হলে পরবর্তীতে সেই প্লট পেতে ঝামেলা হবে।’
স্থানীয় বাসিন্দাদের সবুজায়নের উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এই বর্ষায় সবাই মিলে বড় গাছ লাগান। ছোট গাছ নয়, বড় গাছ লাগিয়ে রাস্তাগুলোতে পরিকল্পিতভাবে কৃষ্ণচূড়া, সোনালু ইত্যাদি গাছ লাগিয়ে এলাকাকে সবুজে ঘেরা করে তুলুন।’
বক্তব্য শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।
নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যরা।
জনতার আওয়াজ/আ আ