অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৯, রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৩১, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৩১, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। তারা নাকি সব পবিত্র মানুষ। বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যেমন গুপ্ত রাজনীতি করেছে, এখনও অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতের মধ্যে আশ্রয় নিয়ে আছে।

রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জামায়াত নেতারা বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। কিন্তু নিজেদের দিকেও তাকানো উচিত।

তিনি আরও বলেন, ‘‘চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীর বালু উত্তোলনের সময় জামায়াতের দুই নেতা ধরা পড়েছিলেন। তাদের একজনের নাম জাহাঙ্গীর ও আরেকজন রবিউল। ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে দলের এক নেতা চাঁদা নিয়েছেন বলেও পত্রপত্রিকায় এসেছে। এসব ঘটনায় প্রশ্ন ওঠে, দলটি তাদের প্রশ্রয় দিচ্ছে কি না।’’

রিজভী অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী আরবি শব্দ ব্যবহারের মাধ্যমে ‘চাঁদাবাজি’ না বলে সেটিকে ‘হাদিয়া’ ও ‘ইয়ানত’ শব্দে আড়াল করার চেষ্টা করে। কিন্তু এটি মূলত চাঁদাবাজিরই আরেক রূপ।

তিনি বলেন, রাজনৈতিক দলে অন্যায়কারী থাকতে পারে, তবে দল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ। বিএনপির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলে দল কঠোর ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার ও শোকজ করা হয়েছে। তিনি দাবি করেন, অন্য দলগুলোর ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ দেখা যায় না।

জামায়াত প্রসঙ্গে রিজভী বলেন, ধর্মের ব্যবসা করে তারা জনগণের আস্থা হারিয়েছে। অন্যদিকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের যে সব সহযোগী রয়েছে তাদের কর্মকাণ্ডও মানুষ ভালোভাবে নেয় না।

জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের লিয়াকত আলী লাকি, ফেরদৌস ফকির, জাবেদ আহমেদ কিসলু, খালেদুজ্জামান জুয়েল, ফরহাদ হোসেন নিয়ন, রাফিজা আলম লাকি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ