অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে: উপদেষ্টা এম সাখাওয়াত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে: উপদেষ্টা এম সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গত কয়েক দিন বিভিন্ন ধরনের অপরাধ হয়েছে। কোনো কোনো রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় দখলের সংস্কৃতিতে নেমেছে। দেশে গত কয়েক দিনে যেসব অপরাধ হয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এর আগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করে।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে গত কয়েক দিনে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, এর সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। সরকার এখন স্থিতিশীল পরিবেশ আনার বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবে।

শপথ নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, একটা বিধ্বস্ত অবস্থায় সরকার গঠিত হয়েছে। সব দিক থেকেই দেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এই পরিস্থিতি থেকে এগোনোর জন্য সরকারের সময় প্রয়োজন। তিনি বলেন, ‘আমি মনে করি সরকারের জন্য দীর্ঘ সময় প্রয়োজন।’

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল শপথ নেওয়ার পর সাংবাদিকদের বলেন, আমরা একটা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। আইনগতভাবে যারা দোষী, তাঁদের বিচার করতে হবে।

তিনি বলেন, সবাইকে আমি একটা কথা সব সময় বলি, যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে ছাত্র-জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা সবাইকে মনে রাখতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ