অবৈধ বিদেশীদের কারণে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধংস হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশীরা ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে দেশের টাকা পাচার করছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধংস হচ্ছে আর মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখিন হচ্ছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অবৈধ বিদেশী খেঁদাও আন্দোলন নামক এক সংগঠনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে গত দেড় দশকে বহু বিদেশী বাংলাদেশে অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করে রেখেছে। বর্তমানে ১০ লক্ষের অধিক অবৈধ বিদেশী শ্রমিক বাংলাদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে। এর ফলে এদেশের নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার হতে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার। গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বর্তমানে বেকারত্বের হার ১২ শতাংশ। যা এ যাবত কালের সর্বোচ্চ। বেকারত্বের সমস্যা এমন আকার ধারণ করেছে যে এদেশে নাগরিক কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গপসাগর থেকে ভূমধ্যসাগরে মৃত্যু বরণ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশীরা ২০১৭ সাল থেকে প্রতি বছর ১০.২ বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে নিয়ে যাচ্ছে। অবৈধ হওয়ার কারণে তারা ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে টাকা পাচার করছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধংস হচ্ছে আর মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখিন হচ্ছে। তারপরও আমাদের রাষ্ট্র বা সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহ এর কোন ব্যবস্থাই গ্রহণ করছে না।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ মহসিন রশিদ বলেন, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো। সেটা আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল যেই হোক না কেন সকলকেই আমরা আহবান জানাচ্ছি। যারা আমাদের এজেন্সিগুলোতে কাজ করেন তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই দেশটাকে রক্ষা করা। বাংলাদেশের জন্য যা করা দরকার সেটাই আপনাদেরকে করতে হবে। আমি সবাইকে আহবান করব আপনারা এগিয়ে আসেন, আমাদের সঙ্গে যোগ দেন, সহায়তা করেন।
তিনি আরও বলেন, আপনারা দেখছেন যে কত বিদেশি এখানে অবৈধভাবে কাজ করে যাচ্ছে। বৈধভাবে যারা কাজ করছেন তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। অবৈধ বিদেশী শ্রমিকের কারণে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমস্যা হচ্ছে। তাই আমরা চাই যে অবিলম্বে সরকার এই অবৈধ বিদেশী শ্রমিকদের তাদের দেশে ফেরত পাঠিয়ে আমাদের দেশের বেকার সমস্যা দূর করবে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, গণঅধিকার পরিষদের একাংশের আহবায়ক মিয়া মশিউজ্জামান, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মেজর মোহাম্মদ মিজানুর রহমান (অব:) ও অ্যাডভোকেট মো. আফাজুল হকসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জনতার আওয়াজ/আ আ