আওয়ামী লীগ কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি: সালাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি: সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। জনগণের অধিকারগুলোকে কুক্ষিগত করে। গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে বন্দী করে রাখে। যার কারণে তারা আজ জনবিচ্ছিন্ন। অতীত ইতিহাস দেখলে দেখা যাবে এরা কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। অতিরিক্ত অন্যায় অবিচারের কারণে তাদের পতন হয়েছে। এবারও তাদের পতন অনিবার্য।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, আজকে বিচারের নামে প্রহসন চলছে। পুরোনো মামলা সচল করে দ্রুত নিষ্পত্তি করে বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কারণ, আন্দোলন ও নির্বাচনের মাঠ ফাঁকা রাখা। আমরা তো আগেই বলেছি, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর আন্দোলনের মাঠ ফাঁকা রাখা যাবে না। কারণ, এ আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। কত লাখ মানুষকে গ্রেফতার করবেন?

তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য সরকার অনেক ফন্দি ফিকির করেছে। কোনটাই আলোর চেহারা দেখেনি। আওয়ামী লীগ চারদিকে অন্ধকার দেখছে। আর জনগণ আশার আলো দেখতে পাচ্ছে। স্বৈরাচারী শাসনের পতন অচিরেই ঘটবে, আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে জনগণ।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মো. মোহন, হারুন অর রশিদ, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলাম, এসকে সেকান্দর কাদির, স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন তুহিন, মহিলা দলের রুমা আক্তার, শাহিনুর নার্গিস, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের খালিদ হাসান জ্যাকি, কৃষক দলের কামাল হোসেনসহ মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ