আজ থেকে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২৬, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২৬, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (২৬ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে গেছেন।
দীর্ঘদিন ধরে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে আসা শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করেন।
সহকারী শিক্ষক ঐক্য পরিষদ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলনটি চলছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ
২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে টাইম স্কেল/সিলেকশন গ্রেডে প্রাপ্তি
৩. শতভাগ পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক নিয়োগ
এর আগে শিক্ষকরা ৫ মে থেকে ধাপে ধাপে এক ঘণ্টা, দুই ঘণ্টা এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। সর্বশেষ ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬৫ হাজার ৬২০টি, যেখানে প্রায় ৩ লাখ ৯৫ হাজার সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। দীর্ঘ আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাবি বিবেচনায় সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
জনতার আওয়াজ/আ আ