আজ রাজধানীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
রাজধানীতে আজ (শনিবার) ‘শান্তি ও উন্নয়নের সমাবেশ’ করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করছে। অন্যদিকে, রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলো গণমিছিল কর্মসূচি পালন করবে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় গণমিছিল করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এই গণমিছিল করবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকালে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময় মোহাম্মদপুর টাউন হলে উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।
তিনি বলেন, সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। নগরের প্রতিটি থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর, আদাবর ও শের-ই বাংলানগর থানা ও এর আওতাধীন ওয়ার্ডের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এ সাত্তার।
বিএনপির গণমিছিল
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে।
এই গণমিছিল হবে একদফার ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের অন্যান্য জোট ও দল ওইদিন ঢাকায় নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করবে।
জনতার আওয়াজ/আ আ