ইভিএম নিয়ে সংবাদ সম্মেলনে নয় সামনাসামনি চ্যালেঞ্জ করুন : সুজনকে ইসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৩১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৩১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর যে কোনো প্রশ্ন, আপত্তি বা অভিযোগ থাকলে তা নিয়ে সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জ না ছুড়ে সামনাসামনি কথা বলতে বলেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আহসান হাবিব খান। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক সংবাদ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইভিএমে কারচুপি নিয়ে চ্যালেঞ্জ যদি করতেই হয় সংবাদ সম্মেলনে কেন? আমাদের কাছে এসে চ্যালেঞ্জ করতে অসুবিধা কী? আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করুন।
আজ বুধবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ইভিএমের অডিট কার্ড পরিবর্তন করে ভোটের ফলাফল পাল্টে দেয়া সম্ভব। এছাড়া আঙুলের ছাপ না মিললে ভোটগ্রহণ কর্মকর্তার আঙুলের ছাপ দিয়ে ওভাররাইট করে ব্যালট ইউনিট ওপেন করার বিষয়টি নিয়েও প্রশ্ন থেকে যায়।
এমন অভিযোগের প্রতিক্রিয়ায় ইসি আহসান হাবিব খান বলেন, আমরা ইভিএম নিয়ে জাতীয় টেকনিক্যাল কমিটি, রাজনৈতিক দলের টেকনিক্যাল কমিটির সাথে বসেছি। তাদেরও ডেকেছি। তারা কিন্তু আসেননি। আমরা পাঁচ মাস ধরে সময় দিয়েছি। কেন হঠাৎ করে এ সংবাদ সম্মেলন, উদ্দেশ্যটা কী?
তিনি বলেন, তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। তারা এক দিন না দশ দিন আসবে, ভয় কোথায়? চ্যালেঞ্জ যদি করতেই হয়, সংবাদ সম্মেলনে কেন? আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করুক। তারা আমাদের চেয়ে অনেক শিক্ষিত, অনেক বড়। কাজেই আমাদের এখানে এসে চ্যালেঞ্জ করতে অসুবিধা কী?
নির্বাচন কমিশনার বলেন, আমরা চারটা নির্বাচন করলাম, কয়জন মারা গেছে? কয়টা জায়গায় অরাজকতা হয়েছে? অনিয়ম হলে সেটা তুলে ধরেন, অসুবিধা নেই। অসততা, অস্বচ্ছতা, পক্ষপাতিত্ব যদি চোখে পড়ে, প্লিজ লেট মি নো। আমাকে জানান, তার প্রতিকার, জবাব দিয়ে তৃপ্ত করে ছাড়বো। কাজ করতে গেলে ভুল হতে পারে। আপনি দেখবেন ইচ্ছাকৃত ভুল হলো কি না। একটা ইচ্ছাকৃত ভুল, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। আমাকে পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অবশ্যই আসবে। দলগুলোর যে অনাস্থা এটা অতীতের অভিজ্ঞতা থেকে আসতে পারে। অতীত থেকে আমরা শিক্ষা নেবো। কিন্তু ভবিষ্যৎ সুন্দর হবে, এটা গ্যারেন্টেড। আপনারাও বুঝতে পারবেন। সামনের সিটি, গাইবান্ধার উপ-নির্বাচনসহ যেখানে ইভিএম হবে সেখানেই ভোটাররা বলবে ইভিএমই ভালো। আমরা ঈমানের সাথে কাজ করে যাবো। সঠিক কাজ করে যাবো। ক্ষমা চাইবো না। ভুল করলে শুধরে নেবো।
তিনি আরো বলেন, আমাদের দেশে অনেকেই আছেন যারা সঙ্কট তৈরি করতে চান। ঘোলাভাবে শিকার করতে চান। সরকার ও বিরোধীদল থেকে অনেকেই ইভিএম চাচ্ছেন। আবার কেউ কেউ আমাকে ‘ইভিএম দিয়েন না, আমার এলাকার অশিক্ষিত মানুষ বেশি’ এমনও বলছে। বিদেশে থাকা সন্তানের সাথে যদি মোবাইলে ভিডিও কলে কথা বলতে পারে, দুটি বোতাম চাপতে পারবে না? কাজেই এটা অসৎ উদ্দেশ্য।
ইসি হাবিব বলেন, আঙুলের ছাপ না মিললেও যখন নম্বরটা দেয়া হয়, তখন কিন্তু ভোটারের পরিচয় মেলে। আঙুলের ছাপ না মিললে ওভাররাইট করলে সেটা কিন্তু সংরক্ষিত থাকছে। আমরা অনেক সময় সেটা নিয়ে ভিডিও কলে কথা বলি। নির্বাচনে প্রযুক্তি নিয়ে আমাদের চলতে হবে। বিকাশ, রকেট, ইউপে, নগদ; জুম অ্যাপ বিশ্বব্যাপী চলছে। কারো যদি কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে- আমাদের কাছে আসেন, দেখেন। প্রতিটি পর্বে আমরা ইভিএম দেখার ব্যবস্থা করেছি, তাদের থাকতে বলেছি।
তিনি বলেন, কারচুপির প্রমাণ করতে পারলে আমরা তখন সিদ্ধান্ত দেবো। হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, কাজেই কারো অসৎ উদ্দেশ্যে থাকতেও পারে। রিটার্নিং কর্মকর্তা নির্বাচন করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। হয়তো যুক্তিসঙ্গত কারণেই দলগুলো এ বিষয়টি উত্থাপন করেছে। এটা কেন, সেটা আমাদের আরো জানতে হবে।
তিনি আরো বলেন, ভালো-মন্দ তো সব জায়গায় আছে। যারা সততার সাথে কাজ করবে তাদেরই আমরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নেবো। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাও থাকবেন। সততার সাথে, ঈমানের সাথে কাজ করেন, এমন কর্মকর্তাদের যাচাই-বাছাই করেই আমরা সিদ্ধান্ত নেবো। আমরা যোগ্য চৌকস কর্মকর্তাদের নেবো। এ ব্যাপারে আমরা খুব চিন্তিত।
জনতার আওয়াজ/আ আ