এনসিপি নেতার বক্তব্যে জয় বাংলা, পরে বললেন ‘সরি সরি’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৭, শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপি নেতার বক্তব্যে জয় বাংলা, পরে বললেন ‘সরি সরি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ

 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

জুলাই পদযাত্রার কর্মসূচিতে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। এরপর মুহূর্তেই তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের শেষাংশে এ স্লোগান দেন শফিজল ইসলাম। আয়োজিত এ সমাবেশে সভাপতি ছিলেন তিনি।

বক্তব্যে শফিজল ইসলাম বলেন, আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় কথা বলছি। আমি অত্যন্ত সাড়া পাচ্ছি। যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। এ আশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।

এ স্লোগান দেওয়ার পর পরই কেন্দ্রীয় নেতারাসহ উপস্থিত নেতাকর্মীরা তার দিকে তাকান এবং সমাবেশে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলম মুচকি হাসেন। এ সময় অনুষ্ঠাস্থলে কিছুক্ষণ হাস্যরসের সৃষ্টি হয়। পরে অবশ্য এ ভুলের জন্য তাৎক্ষণিকভাবে ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন শফিজল।

এদিকে তার জয় বাংলা স্লোগানের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা ও গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ অনেকে।

এ বিষয়ে এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম বলেন, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথযাত্রা ও পথসভা সমাবেশ চলাকালে আমি বক্তব্য দেওয়ার শেষ সময়ে ‘জয় বাংলা’ বলে ফেলি। আমি যা বলতে চেয়েছিলাম, জামালপুর ইউনিয়নবাসীর জয় হোক, সাদুল্লাপুর উপজেলাবাসীর জয় হোক। কিন্তু আমি মনের অজান্তেই ‘জয় বাংলা’ বলে ফেলি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ