এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া কেমন আছেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিভারে ‘টিপস’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি সিসিইউতে ‘মোটামুটি’ আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা জানান।
তিনি বলেন, ম্যাডামের অবস্থা….. আপনারা সবাই জানেন যে বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে তারা যে কাজের জন্য এসছিলেন একটা প্রসিডিউর সেই প্রসিডিউর তারা করতে পেরেছেন। ম্যাডাম এখনো সিসিইউতে আছেন এবং ডাক্তাররা তার সাথে কথা বলছেন। যে পোস্ট অপারেশন…..এখন পর্যন্ত মোটামোটি আছেন।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃত ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ চিকিৎসকরা।
এর আগে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ঢাকায় আসেন।
বিএনপি চেয়ারপারসন বসুন্ধরার ওই হাসপাতালে ভর্তি আছেন ৯ আগস্ট (বুধবার) থেকে। গত আড়াই মাসে তাকে কয়েক দফা সিসিইউতে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
৭৮ বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তবে এখন লিভার সিরোসিসের অনেক জটিলতা আছে জানিয়ে চিকিৎসকরা বলেছেন, পেটে রক্তক্ষরণ হচ্ছে। বারবার বুকে পানি চলে আসছে। তার অপসারণ করতে বারবার আইসিইউতে নিতে হয়েছিল। এই ‘টিপস’-এর পরে রক্তক্ষরণ ও পানি জমার উপশম হবে।
জনতার আওয়াজ/আ আ