এসব দেখে ট্রমাটাইজড লাগে: রামিসা হত্যাকাণ্ডে বুবলী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
আইন ও সালিশ কেন্দ্র আসকের তথ্য বলছে গত পয়লা জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪৬ শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে তিন শিশুকে। ধর্ষণের শিকার দুই শিশু আত্মহত্যা করেছে।
সর্বশেষ রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই নৃশংস ঘটনার বিচার দাবি করছেন। শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
শিশুকে শারীরিকভাবে নির্যাতন ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। শুক্রবার ২২ মে এ অভিনেত্রী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন ‘শিশুরাই নাকি আগামীর ভবিষ্যৎ অথচ এ দেশে ভবিষ্যতের অবস্থা। কোথায় এই নিষ্পাপ পবিত্র ফুলগুলোর হাসিখুশি রঙিন ছবি দেখবে সবাই সুন্দর শৈশব হবে ভবিষ্যৎ নিয়ে বাবা মা কত স্বপ্ন সাজাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। অথচ সবাই বাচ্চাগুলোর সাদা কালো ছবি পোস্ট করে তাদের নৃশংস মৃত্যুর বিচার চাইছে সাথে এক কালো বিভীষিকাময় শৈশবের স্মৃতি বাবা মায়ের বুকফাটা কান্না।’
দেশে ঘটা এসব ঘটনা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বুবলী। তিনি বলেন ‘প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে দেখতেই ইচ্ছা করে না। আর কত। হয়তো সবার প্রতিবাদ তারপর ভুলে যাওয়া কিন্তু সেই বাবা মাগুলো সারা জীবন এই অমানসিক কষ্ট বয়ে বেড়ায় কোনো কিছু কি তাদের সান্ত্বনা দিতে পারে।’
শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার বিচার পেতেও কাঁদতে হয় আক্রান্ত শিশুদের বাবা মাকে। তা উল্লেখ করে বুবলী বলেন ‘এক কাঁদে সন্তান হারিয়ে আরেক কাঁদে বিচারের আশায়। অথচ দেশের নাগরিক হিসেবে অপরাধীদের এসব নৃশংসতার দ্রুত দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার পাওয়া তাদের অধিকার।’
শিশু রামিসার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বুবলীর এ পোস্টে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ অভিনেত্রীর ভাবনার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। পাশাপাশি অপরাধীর দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ