ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে: ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৬ অক্টোবর) সেনা সদরদপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’
পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহিদসহ সকল বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলি সম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির দাবিদার।
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে-সব সেনা কর্মকর্তা সামরিক কর্মকাণ্ডে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও পরামর্শ দেন তিনি।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ