ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের আন্দোলন ১৫ বছর ধরে চলমান। যদিও কেউ কেউ বলেন, ঈদের আগে পরে, আবার কেউ বলেন ঈদের পরে আন্দোলন।
তিনি বলেছেন, আসলে আন্দোলন ফুটবল বা ক্রিকেট খেলার মতো নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্দোলন কখনো দীর্ঘ স্থায়ী হয়, আবার কখনো কখনো স্বল্প সময়ের মধ্যে বিজয় লাভ করে। যেমন আমাদের মুক্তিযুদ্ধ, মাত্র ৯ মাসের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। আবার ভিয়েতনামের যুদ্ধ অনেক দিন চলেছে, দীর্ঘদিন পর তারা স্বাধীন হয়েছে। কোন সরকার কবে যাবে, সেটি নির্ধারিত নয়; এটি নিশ্চিত যে ফ্যাসিবাদের পতন অনিবার্য। এটি করবে দেশের জনগণ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘটানো হবে।
আজ শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জের সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠান পরিচালনা করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।
শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেকে বলে রমজান মাসে আন্দোলন করা যাবে না। কিন্তু বদরযুদ্ধ হয়েছিল ১৭ রমজানে। ধর্ম ও মানুষের ন্যায় প্রতিষ্ঠাও ধর্মের অংশ। এটিও ইবাদত। অনেকে বলেন আগামী রমজানে তারেক রহমানের সঙ্গে ইফতার করব। আমি বলব এত সময় নেই। আন্দোলন চলমান। এই আন্দোলনের গতি কখনো বাড়ানো হয়, কখনো কমাতে হয়- এটি কৌশল। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন ভার্চুয়ালি পাঁচ-ছয়টি ইফতার অনুষ্ঠানে অংশ নেন। এটি সাধারণ ইফতার অনুষ্ঠান নয়। এটি আন্দোলনের প্রস্তুতি। যাতে আমরা একটি চূড়ান্ত আঘাত করতে পারি স্বৈরাচারের বিরুদ্ধে। যাতে স্বৈরাচারের পতন হয়, গণতন্ত্র মুক্ত হয়। গণতন্ত্র মুক্তি পেলে খালেদা জিয়ার মুক্তি হবে, তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন।
জনতার আওয়াজ/আ আ