খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বাংলাদেশের সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেছেন, “দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। তিনি হাসলে পুরো বাংলাদেশের মানুষ হাসে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্র ও স্বাধীনতাকে অনুসরণ করা হয়। তাই তার সুস্থতা এখন দেশের জন্য অত্যন্ত জরুরি।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের যেসব মানুষ দোয়া করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মানুষের ভালোবাসায় তিনবার দেশের ক্ষমতায় এসেছেন। অথচ আজ তিনি হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ডাক্তাররা জানিয়েছেন, আগের তুলনায় তিনি এখন কিছুটা ভালো আছেন।”
দোয়া মাহফিলে সবাইকে আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, “আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারেন না। আসুন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।”
ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু আরও বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের রাজনীতি শিখিয়েছেন। গণতন্ত্রকে সমৃদ্ধ করতে তিনি সর্বদা কাজ করেছেন। তিনি কখনো প্রতিহিংসা বা বিদ্বেষের রাজনীতি করেননি। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার রক্ষায় তিনি ক্ষমতায় থেকেও, ক্ষমতার বাইরে থেকেও কাজ করেছেন—যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
দোয়া মাহফিলের আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাব হোসেন সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ