খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: আশাবাদ বুলুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: আশাবাদ বুলুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনে মায়েরদের ভোটে ধানের শীষ জয়লাভ করে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, আমাদের ৫০ শতাংশ ভোটার হচ্ছেন নারীরা। এই মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ভোটে এই মা-বোনরাই ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ খালেদা জিয়া বেঁচে থাকবেন এবং এই ভোটের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এর বাইরে যদি কিছু হয় তাহলে এই বাংলাদেশ থাকবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিলে ও কোরআন খতম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশে বিএনপির এমন কোনো নেতা-কর্মী নেই যে জেলখানায় যায়নি। যার বিরুদ্ধে মামলা হয়নি। প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার নেতাকর্মী পঙ্গু হয়ে গেছে। আমরা আমাদের বাবার, মায়ের জানাজা পড়তে পারিনি। বিদেশ থেকে এসে বাড়িতে যেতে পারিনি, বোনের বিয়েতে যেতে পারিনি।

তিনি বলেন, ১৭ বছর আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছি। এই গণ-অভ্যুত্থানের রাস্তাটি ১৭ বছরে বানিয়েছে বিএনপি।

বুলু বলেন, ৩১ দফা বাংলাদেশের আগামী ১০০ বছরের মুক্তির সনদ। এর বাইরে গিয়ে কেউ কোনো নতুন সংস্কারের রূপরেখা দিতে পারবে না। আর সংস্কার একটি চলমান রূপরেখা। পৃথিবীর সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত সংস্কার চলতেই থাকবে। এটার কোনো শেষ নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া এবং কুরআন খতম দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ