গঠন করা হয়েছে কমিটি : এবার ‘বিতর্কিত’ আমলাদের তালিকা করছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গঠন করা হয়েছে কমিটি : এবার ‘বিতর্কিত’ আমলাদের তালিকা করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সারাদেশে নেতাকর্মী নির্যাতন, খুন-গুম, হামলা-মামলা এবং নির্বাচনে প্রভাব বিস্তারকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের তালিকা করার পর এবার প্রশাসনের একই ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তৈরি শুরু করছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের এই তালিকা তৈরিতে বিএনপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানায়, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রশাসনের যেসব কর্মকর্তা ‘পক্ষপাতমূলক আচরণ’ করেছেন তাদের ওই তালিকায় রাখা হচ্ছে। তালিকাটি দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা, দূতাবাস এবং প্রভাবশালী দেশগুলোকে দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জানান, গুম-খুন ও নির্যাতনে জড়িত থাকা ছাড়াও প্রশাসনের যেসব কর্মকর্তা সংসদ নির্বাচনকে ‘কলঙ্কিত’ করতে ভূমিকা রেখেছেন– তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে। এর মধ্যে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের সময়ের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। তালিকায় এখন পর্যন্ত ২৪ জন সাবেক ও বর্তমান সচিব, ১৩ জন সাবেক ও বর্তমান অতিরিক্ত সচিব এবং ১২৯ জন সাবেক ও বর্তমান জেলা প্রশাসকের নাম এসেছে বলে জানান তিনি।

কোন মানদণ্ডের ভিত্তিতে প্রশাসনের কর্মকর্তাদের এই তালিকা হচ্ছে– এমন প্রশ্নে বিএনপির এক নেতা জানান, যারা সরাসরি ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে ভোট চেয়েছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, ক্ষমতাসীন দলের কর্মীর মতো ভূমিকা রেখেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন– তালিকায় তাদের নাম থাকছে। বিএনপির সঙ্গে যুক্ত কয়েকজন সাবেক আমলার সমন্বয়ে গঠিত একটি কমিটি তালিকা তৈরির কাজটি করছে। দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও কমিটিতে রয়েছেন।

তবে এই কার্যক্রমে যুক্ত কেউ তাদের নাম প্রকাশ এবং মন্তব্য করতে রাজি না হলেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়ম ও কারচুপিতে সহায়তা করেছেন তাদের পরিচয় দেশের জনগণ জানে। সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক অধিকার হরণকারীদের চিহ্নিত করা প্রয়োজন।’ ভোটাধিকার ছিনিয়ে নেওয়া কর্তৃত্ববাদী সরকারকে সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তালিকা তৈরির সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি বলেন, নির্বাচনের সময় জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। কেন্দ্রে ভোট গ্রহণ শুরু ও ভোট বাতিলের ক্ষমতা রাখেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অধীনেই থাকে। নির্বাচনের সময় সমন্বয়কারীর ভূমিকাও পালন করেন জেলা প্রশাসকরা। গত দুটি সংসদ নির্বাচনকে তারাই ‘বিতর্কিত’ করেছেন বলে অভিযোগ রয়েছে। তালিকা তৈরিতে এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছ।

তবে তালিকা এখনও চূড়ান্ত নয়; তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের বক্তব্য নেওয়া হচ্ছে সেগুলো যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত এক বিএনপি নেতা। তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে যারা অতি উৎসাহী হয়ে কোনো একটি দলকে ক্ষমতায় আনতে চান, বিরোধী দলের প্রার্থী ও ভোটারদের হয়রানি করছেন, প্রকাশ্যে সিল মারতে সহায়তা করেছেন, বিএনপির অভিযোগ আমলে না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন– তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তাদের তালিকা তৈরির এই কার্যক্রম নিয়ে কথা হয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে। তারা জানান, বিএনপির উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সামনে রেখে নির্বাচনকালে প্রশাসনের কর্মকর্তাদের চাপে রাখা। নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে কারও পক্ষে কাজ না করেন– সেই পরিবেশ সৃষ্টি করতে চান তারা।

গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থায় কেউ বাধা দিলে বা ব্যাহত করলে তাকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বিবেচিত হবেন।

উল্লেখ্য, সারাদেশে নেতাকর্মী নির্যাতন, খুন-গুম, হামলা-মামলা এবং নির্বাচনে প্রভাব বিস্তারকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের তালিকা তৈরি করছে বিএনপি। গত জুনের প্রথম দিকে এই কার্যক্রম শুরু করতে একটি কমিটি গঠন করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ