গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।
অর্থনীতি পুনর্গঠন, সম্পদপাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের ‘বিরাট সুযোগ’ এনে দিয়েছে। তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কীভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
ওপেন ফাউন্ডেশনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় নজিরবিহীন ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, দাভোস সফরে গিয়ে আমি যা প্রত্যক্ষ করেছি তা হলো, জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে অনেকেই জানে না। অনেক অপপ্রচার হচ্ছে।
শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ‘বিধ্বস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সমর্থন কামনা করেন।
ফাউন্ডেশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলডিসি গ্র্যাজুয়েশনে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছে, এটিকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
জনতার আওয়াজ/আ আ