চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শ্যেন অ্যারেস্ট - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শ্যেন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আলোচিত সন্ত্রাসী চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার পাঁচটি হত্যা মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ‘পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদন করে তামান্নাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছেন।’

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে নগরের চান্দগাঁও থানা এলাকায় নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো: মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা হয়। মামলাগুলোর তদন্তে নেমে পুলিশ ওই ঘটনাগুলোতে লোকজন ও অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছে তামান্নার বিরুদ্ধে। এ কারণে ওই সব হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

গত ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর লাইভে এসে স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে মুক্ত করবেন বলে ঘোষণা দেন তামান্না। এরপর গত ৩০ মার্চ নগরের বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিতে দু’জন নিহত হন। এ ঘটনায় হওয়া মামলায় আসামি করা হয় কারাগারে সাজ্জাদের পাশাপাশি তার স্ত্রী তামান্নাকেও। পরে গত ১০ মে দিবাগত রাতে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেফতার করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ