চলছে চতুর্থ দফার অবরোধ, মোড়ে মোড়ে সতর্ক পুলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে গণপরিবহন চলাচল অন্যান্য সময়ের তুলনায় কম রয়েছে। সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতিও কম লক্ষ্য করা গেছে। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। অন্যদিকে, নাশকতা ঠেকাতে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সতর্ক অবস্থায় রয়েছেন পুলিশ সদস্যরা।

রবিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে মানুষ ও গণপরিবহনের সংখ্যা খুবই কম। এসব এলাকায় অবরোধের প্রভাব লক্ষ্য করার মতো। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস কিছুটা চলতে দেখা গেছে। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।
আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘সাভারে একটি ফার্মাসিউটিক্যালসে চাকরি করি। প্রতিদিন এখান থেকে সকাল বেলা রওনা করে পৌঁছে যাই। অবরোধ শুরুর পর কয়েকদিন বাস কম চলাচল করেছিল। সকালে বাসে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে। এখনও তেমন রয়েছে। তারপরও মানুষের মনে তো একটি আতঙ্ক রয়েছেই। অবরোধ হোক আর হরতাল হোক, সাধারণ মানুষকে কর্মের তাগিদে বাইরে বের হতেই হবে।
আলামিন ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘অবরোধের শুরুর দিকে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কম রয়েছে। প্রথম দিকে একটা আতঙ্ক কাজ করেছিল, এখন সেটি নেই। তাছাড়া মর্নিং শিফটে আমরা যারা ক্লাস করি তাদের জন্য এমন অবস্থা খুবই স্বাভাবিক। প্রায় সময়ই সকালে বাস কম থাকে। আর অধিকাংশ শিক্ষার্থীর বাড়িই আশপাশ হওয়ার কারণে রিকশা, সিএনজি, মোটরসাইকেল রাইডেই কলেজে আসে।’
অন্যদিকে, অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এবং গাড়ি নিয়ে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নিউমার্কেট থানা, ধানমন্ডি মডেল থানার পাশাপাশি সড়কের উভয় পাশেই অবস্থান নিতে দেখা গেছে ডিএমপির পুলিশ সদস্যদের।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, ‘মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। এই এলাকার আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।
জনতার আওয়াজ/আ আ