জনগুরুত্বপূর্ণ বেসরকারি বিল উত্থাপনে এমপিদের সক্রিয় হওয়ার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগুরুত্বপূর্ণ বেসরকারি বিল উত্থাপনে এমপিদের সক্রিয় হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মো. শাহজাহান এমপি সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সদস্যদের সচেতনতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংসদে উত্থাপনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সংসদ সদস্যদের বেসরকারি বিলের খসড়া প্রস্তুত করতে সহায়তা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও কার্যকরভাবে কাজ করার সুপারিশ করা হয়। এ সময় বিল প্রণয়নের ক্ষেত্রে সদস্যদের প্রয়োজনীয় কারিগরি ও আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সংবিধান ও কার্যপ্রণালি বিধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ