জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেপ্তার বরণ করতে হয়, এরআগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই।’
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, জয় বাংলার কোনো ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনো ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান ও আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ’র চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময় বিশ্বাস করেই যাব। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’
তিনি বলেন, ‘অনেকের সঙ্গে আমার মিলে না। এ দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।’ বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ