জামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর পৌরসভার ১৪টি সাংগঠনিক ওয়ার্ড ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা প্রতিটি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভা ও সদর উপজেলার প্রতিটি মসজিদে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাসসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
শহরের বনপাড়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা যুবদলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের বিএনপির প্রার্থী এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু, জেলা যুবদল নেতা আনোয়ারুজ্জামান লিটনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ওয়ারেছ আলী বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। বেগম খালেদা জিয়া নির্দিষ্ট কোনো দলের নয়, তিনি সমস্ত বাংলাদেশের জনগণের। তিনি দল-মতের ঊর্ধ্বে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার জন্য জামালপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কোরআন খতম ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।’
তিনি জামালপুরবাসীর সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করার আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ