জামায়াতকে নির্বাচনে একবার সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে: আবদুল আউয়াল মিন্টু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেনী-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত নির্বাচনে একবার সুযোগ চাচ্ছে। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হলে দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের অতীতের রেকর্ড ভালো নয় এবং তাদের দলে যোগ্যতা সম্পন্ন কোনো নেতৃত্ব নেই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থনে দাগনভূঞা পৌর শহরে আয়োজিত গণমিছিলের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে আয়োজিত গণমিছিলটি দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।গণমিছিলে নেতৃত্ব দেন প্রার্থী নিজেই।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. বাকি বিল্লাহসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণমিছিলে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী অংশ নেন।
শেষে জিরো পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণমিছিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
জনতার আওয়াজ/আ আ