জামায়াতের যুব বিভাগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের যুব বিভাগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

শুক্রবার(২২ মে) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এতে আরও উপস্থিত ছিলেন— যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, কামাল হোসেন এমপি, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ড. মোবারক হোসাইন, শেখ মঞ্জুরুল হক রাহাত এমপি এবং ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, যুব সমাজের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে এ ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় হাদিসে বর্ণিত, আরশের ছায়াপ্রাপ্ত সাত শ্রেণির মানুষের প্রসঙ্গ তুলে ধরে যুবকদের আল্লাহর নৈকট্য অর্জনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বার্ধক্য আসার আগেই যৌবনকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমাদের আল্লাহর ভয়ে ভীত হয়ে অশ্রু ফেলতে হবে। নিজের যৌবনের হেফাজত করতে হবে এবং তাকওয়া, আত্মশুদ্ধি ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) তরুণ যুবকদের নিয়ে বলেছিলেন, ভয়হীন ও ঈমানদীপ্ত তরুণরাই সত্য প্রতিষ্ঠার অগ্রসৈনিক। রাসূলুল্লাহ (সা.) এর আহ্বানে তার তরুণ সাহাবারা দ্বীনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের প্রতিটি জাগরণে যুবকরাই ছিল সবচেয়ে সাহসী ও অগ্রণী ভূমিকার অধিকারী।

তিনি আরও উল্লেখ করেন, যুব বিভাগ কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে সীমাবদ্ধ নয়, বরং যার অন্তরে সাহস, উদ্যম ও ত্যাগের মানসিকতা রয়েছে, সেই প্রকৃত যুবক।

তারুণ্য মানেই শক্তি, সাহস ও সম্ভাবনা। যুবকরাই পারে একটি সমাজকে ধ্বংসের দিক থেকে ফিরিয়ে এনে নির্মাণ ও উন্নয়নের পথে এগিয়ে নিতে। তাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের প্রতিটি তরুণের মাঝে আদর্শ, নৈতিকতা ও মানবিকতার জাগরণ সৃষ্টি করার এবং ঐক্যবদ্ধ শক্তিতে যুব বিভাগকে একটি সুসংগঠিত ও কার্যকর শক্তিতে পরিণত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে।

তিনি বলেন, যুব সমাজের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্যকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে হবে এবং জাতীয় বিভিন্ন দিবস ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে যুবকদের নিয়ে বহুমুখী কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ দেন তিনি।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও রাহাজানির বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুসংগঠিত ও আদর্শবান যুবসমাজ গড়ে উঠলে দেশ ও জাতির জন্য যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ