জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াতের মনে শান্তি নাই, তাই তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে দেশকে পিছিয়ে ফেলতে চায় বিএনপি-জামায়াত। ক্ষমতাচ্যুত করতে চায় তারা। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার মানুষ শেখ হাসিনার সাথে আছেন। ২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াতের অত্যাচার-নির্যাতন একাত্তরকে হার মানিয়েছে। ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়েছে, বোনের সামনে ভাইকে হত্যা করা হয়েছে। বিএনপি-জামায়াত করোনায় মানুষের পাশে দাঁড়াননি।
নিখিল আরও বলেন, মায়ের জাতিকে প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। মেয়েদের অবস্থান হয়েছে সকল সেক্টরে। ডিসি-এসপি হয়েছেন মায়েরা। সন্তানের অভিভাবক হিসেবে বাবার পাশাপাশি মায়ের নামও লেখা হয়েছে। এটাও শেখ হাসিনার অবদান। শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে আছেন মায়ের জাতিরা। ২০০১-২০০৬ সালে বাংলা ভাই তৈরি করেছিলেন খালেদা জিয়া, তারেক রহমান। জঙ্গি সৃষ্টি করেছেন ধানের শীষের খালেদা জিয়া। নাটোরের মানুষেরা আজ ঐক্যবদ্ধ। তারা উন্নয়ন চান, দুলুর নির্যাতন-অত্যাচার দেখতে চান না।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান, সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, পৌর আ.লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ