জুলাই প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চব্বিশের জুলাই বিপ্লবী প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ হতে চাইলেও হতে পারবে না। দেশের জুলাই বিপ্লবী প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে। দেশের রাজনীতির সাথে সম্পর্ক নেই সেই তরুণ প্রজেন্মর ভাষা, পালস্ আপনারা বুঝতে পারেন না। গণভোটের রায়ের বিরুদ্ধে গেলে আপনাদের পরিণতি শেখ হাসিনার মত হবে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম শাকিল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন বিএনপির দলীয় সিদ্ধান্তের নির্ভর করে না। এদেশের শতকরা ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। তাই এটি বাস্তবায়নে প্রয়োজনে আবারও তারা রাস্তায় নামবে।

এ সময় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শিবিরের এই নেতা বলেন, ছাত্রশিবিরের জনশক্তি আওয়ামী লীগের ঘুম হারাম করেছিল। আপনারা গণভোটের বিপক্ষে অবস্থান নিলে, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।

রেজাউল করিম শাকিল বলেন, আমরা বিশ্বাস করেছিলাম গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হবে। কিন্তু বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রক্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পতিত শেখ হাসিনার পথে হাঁটা শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বিএনপি বারংবার প্রতারণার আশ্রয় নিয়েছে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর তারা ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ক্ষমতার সূচনাকালে ২০১৩ সালে খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করলে ছাত্রশিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে। সেই আন্দোলনে বিএনপির কাউকে দেখা যায়নি। বিএনপি যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধান তার দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারেনি।

এর আগে, বিকেলে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলটি নগরীর টাউন হল থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার সদস্যরা গণভোটের জনরায় বাস্তবায়নে নানা প্লাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে ছাত্রশিবির মহানগরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির জেলা সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজের সভাপতি মাহমুদুল হক মাসুম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ