টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ৫, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ৫, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ কবির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জানা যায়, আগামীকাল শনিবার (৬ জুলাই) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন।
দুপুর ১২ টায় টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন তিনি। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার।
বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহাপাঠ এবং মোনাজাতে অংশ নিবেন। আর বিকেল ৪ টায় টুঙ্গিপাড়া হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
জনতার আওয়াজ/আ আ