ট্রাইব্যুনাল চাইলে র‌্যাব সর্বোচ্চ সহায়তা করবে: ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাইব্যুনাল চাইলে র‌্যাব সর্বোচ্চ সহায়তা করবে: ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মতবিনিময় সভায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা র‌্যাবের বিরুদ্ধে গুম-খুনের মামলার তদন্তে এখনো কোনো সহায়তা চাওয়া হয়নি বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, এ বিষয়ে যদি ট্রাইব্যুনাল চায় তবে র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ‘আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন র‌্যাব ডিজি।

চিফ প্রসিকিউটর র‌্যাবের ক্রসফায়ারগুলোর নথি তলব করছে, মামলাগুলো তদন্ত করবে। র‌্যাব থেকে তাদের সহযোগিতা করা হবে কি না- জানতে চাইলে আহসান হাবীব পলাশ বলেন, ‘বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের কাছে যা আছে তা দেব। কোনো তথ্য না থাকলে আমরা অপারগতা প্রকাশ করব। কিন্তু ট্রাইব্যুনাল এই বিষয়ে এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’

র‌্যাব বিলুপ্তি প্রসঙ্গে দেশি-বিদেশি সংস্থা চাপ দিচ্ছে, বর্তমানে এটি প্রাসঙ্গিক কি না- এ প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘র‌্যাব বিলুপ্তি বা র‌্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার দায়ভার র‌্যাবের ওপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে। আমাদের (র‌্যাব) কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা। আমরা যেহেতু রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করছি, সেহেতু আমাদের মূল কাজই হচ্ছে র‌্যাবকে জনগণের সামনে কাজের মাধ্যমে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। র‌্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা আমাদের কাজ করে যাব।’

বিগত সময়ে র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত দেড় বছর এবং এর আগের সরকারের সময়ে র‌্যাবের কার্যক্রম যদি পর্যালোচনা করে দেখেন, তাহলে দেখবেন, র‌্যাবের অপকীর্তির ইতিহাস বেশি নেই। এতেই প্রমাণিত হয়, র‌্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে র‌্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে। আমি মনে করি, এ ব্যাপারে সরকার চেষ্টা করছে, আমাদের ভালো কাজে সম্পৃক্ত করার জন্য। আশা করি, র‌্যাব সঠিকভাবে পরিচালিত হবে। এ ব্যাপারে আমরা সরকারের কিছু নির্দেশনা পেয়েছি।’

অতীতে র‌্যাব জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছে, বর্তমানে এসব অপরাধীরা ফের সক্রিয় হয়ে উঠছে, এ বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। বিষয়গুলো আমরা জেনেছি এবং কাজ করছি। নির্বাচনসহ নানা কারণে আমরা এদিকে দৃষ্টি দিতে পারিনি। এই বিষয়ে আমরা এখন তথ্য সংগ্রহ করেছি। আমাদের কাজ চলছে।’

র‌্যাব জঙ্গিবাদ নিয়ে অতীতে কাজ করেছে। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার বলেছে, দেশে জঙ্গি নেই- এ প্রসঙ্গে জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ- এগুলোর জবাব আমি দিতে চাই না। কিন্তু আমরা কাজ করছি। যে ‘বাদই’ থাকুক না কেন, আমরা সব ‘বাদই’ নির্মূল করতে পারব।”

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিশোর গ্যাং বাংলাদেশে দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ ও র‌্যাব যৌথভাবে এটি নিয়ে কাজ করছে। কিশোর গ্যাংকে সব সময় আইনের মধ্যে রাখতে সমস্যা হয়। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। আপনারাও (সাংবাদিক) উন্মোচন করুন, কারা কিশোর গ্যাংকে সহায়তা করছে। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।’

র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আহসান হাবীব পলাশ বলেন, ‘র‌্যাব পুনর্গঠন, সংস্কার, স্ট্রাকচারিং এগুলো সরকারের বিবেচনার বিষয়। আমরা নিজ থেকে এগুলো নিয়ে কিছু করার প্রযোজন মনে করছি না। আমাদের প্রায়োরিটি হচ্ছে কাজটা করা। আমরা সেটা করতে চাই। আর মানবাধিকার বা অন্যান্য ত্রুটির বিষয়ে আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এ ব্যাপারে কেউ ছাড় পাচ্ছে না। আশা করি, এই কাজগুলোর মাধ্যমে আমরা বেলাশেষে ভালো অবস্থানে যেতে পারব এবং আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে, সেগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে।’

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন, র‌্যাব গঠনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কী কী কারণে এ ঘটনাগুলো ঘটল। তাহলে দেখবেন, কাজের ক্ষেত্রে কিছু ভিন্নতা, কিছুটা পদস্খলন ছিল বলে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা যদি এই বিষয়গুলো ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় নিষেধাজ্ঞার বিষয়গুলো থাকবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ