ডলার সংকটে অর্থনীতি বিপর্যস্ত, অর্থমন্ত্রী বললেন ‘উন্নতি হচ্ছে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডলার সংকটে অর্থনীতি বিপর্যস্ত, অর্থমন্ত্রী বললেন ‘উন্নতি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সংসদে দুই স্বতন্ত্র সদস্যের প্রশ্নে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ডলার সংকটের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত। এর সঙ্গে মানি লন্ডারিংয়ে প্রচুর টাকা বিদেশে চলে গেছে। সে কারণে ডলার সংকট আছে। তবে,‘পরিস্থিতি প্রাথমিকভাবে উন্নতির দিকে’। কিছু দিন পরে পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ডলার সংকটে কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত। এর সঙ্গে সম্পর্ক মানি লন্ডারিংয়ে প্রচুর টাকা বিদেশে চলে গেছে। সে কারণে ডলার সংকট আছে। মানি লন্ডারিং দূর করার জন্য দেশে যে পর্যাপ্ত পরিমাণ অপ্রদর্শিত আয় আছে সেটাকে বৈধ করার সুযোগ দেওয়া দরকার। বিশেষ ব্যবস্থায় অতীতেও সেই সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তা না করার কারণে বিদেশে টাকা চলে যাচ্ছে।

এসময় মানি লন্ডারিং প্রতিরোধ ও ডলার সংকট দূর করার জন্য আয়কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ সরকার দেবে কি না সোহরাব উদ্দিন জানতে চাইলে, অর্থমন্ত্রী বলেন, সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যালোচনা করছি। শুধু ঢালাও কালো টাকা নয়, গোটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে। প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। আরও কিছু দিন গেলে পরিপূর্ণ চিত্র পাব। সেই পর্যন্ত ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।

সংসদ সদস্য সিদ্দিকুল আলমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, সম্পূর্ণ অর্থনীতি পর্যালোচনা চলছে। যার বিভিন্ন ধারা রয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে মনে করছি উন্নতির ছাপ দেখতে পাচ্ছি। আরও উন্নতি করতে পারব। তার পরে ধারণা দিতে পারব।

অর্থমন্ত্রী আবুল হাসান বলেছেন, চলতি (২০২৩-২৪) অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে। তবে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ২৩ হাজার ২২৭ দশমিক ১৯ কোটি টাকা ঘাটতি রয়েছে।

কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুর রউফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে জানুয়ারি পর্যন্ত ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন আয়কর রিটার্ন জমা দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ