রোহিঙ্গা ক্যাম্পের আগুন পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের আগুন পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে তদন্ত কমিটি। তবে কে এবং কোথায় অগ্নিসংযোগ করেছে তার প্রমাণ পাওয়া না গেলেও আইন-শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ ১০টি সুপারিশ করেছেন তারা। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের জন্যও সুপারিশ করেছে কমিটি।

রবিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান। এর আগে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আবু সুফিয়ান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী গোষ্ঠী আগুন লাগায়। দুপুর আড়াইটায় আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় লাগে। বালুখালীর ১১নং ক্যাম্পের ১৭নং ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনায় দুই হাজার ২০০ এর মতো শেল্টার পুড়েছে। ১৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রায় দুই হাজার স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। রোহিঙ্গাদের এফসিএন কার্ড পুড়ে যায়। তবে নিহতের খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ৬ মার্চ থেকে কাজ শুরু করে। কমিটিতে ছিলেন ক্যাম্প ইনচার্জ, এনএসআই উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার উপসহকারী পরিচালক।

তিন দিনে মোট ৭৫ জনের সাক্ষাৎকার নেয় তদন্ত কমিটি। সেখানে সরকারি-বেসরকারি এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, হোস্ট কমিউনিটি, লার্নিং সেন্টারের ইন্সট্রাক্টরদের বক্তব্য গ্রহণ করা হয়। পত্রিকার রিপোর্ট ও জনশ্রুতিও বিবেচনায় আনা হয়। ৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে নানা প্রমাণপত্র হিসেবে ৭৪ পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে তদন্ত কমিটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে- রোহিঙ্গা ক্যাম্পের প্রতিটি ব্লকের রাস্তা আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে এমন প্রশস্ত করা যেতে পারে। ব্লকের রাস্তার পাশে পানির চৌবাচ্চা তৈরি, শেল্টারে ত্রিপলের পরিবর্তে ভিন্ন কিছু যা অপেক্ষাকৃত কম দাহ্য পদার্থের তৈরি এমন কিছুর ব্যবহার, রোহিঙ্গা ক্যাম্পের জন্য পৃথক ফায়ার সার্ভিস ইউনিট গঠন।

ক্যাম্পের অভ্যন্তরে যত্রতত্র মার্কেট করা থেকে বিরত থাকা এবং বড় রাস্তার ধার ব্যতিত অন্যস্থানে দাহ্য পদার্থ আউটলেট করা থেকে বিরত থাকা, ঘনবসতিপূর্ণ ও অনেক স্থানে যানবাহন চলাচলের ক্ষেত্রে অগম্য বিবেচনায় ক্যাম্পের প্রবেশ মুখে লেআউট স্থাপন, আগুন লাগলে নেভানোর কাজে রোহিঙ্গাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি।

ক্যাম্পের ব্লকে ব্লকে ওয়ারলেস টাওয়ার স্থাপন ও ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা স্থাপন, এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পের পালানো রোধে নিরাপত্তা বেষ্টনি স্থাপন করা।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। রোহিঙ্গা ক্যাম্পসমূহে বারবার কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, ভাবিয়ে তুলছে সবাইকে। এসব ঘটনায় বাহিরের কোন শক্তি কাজ করছে কি না? খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ