তুরাগতীরে লাখো মুসল্লির জুমআর নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

দীর্ঘ দুই বছর পর ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমআর নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে। এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে জুমার আজান, ১টা ৪০ মিনিটে জুমার খুদবা শুরু হয়। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করেন তারা।
রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (২০ জানুয়ারি)। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ এ জামায়াতে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলীগের শূরা সদস্য মাওলানা জোবায়ের।
সকাল থেকে ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাত থেকেই তুরাগতীরে হাজির হন লাখো মুসল্লি, এসেছেন দেশের বাইরে থেকেও। আর ভোর থেকে টঙ্গীর আশেপাশের এলাকা ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের জনস্রোত নামে ইজতেমা ময়দানে।
১৬০ একরের ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় মুসল্লিরা আশেপাশের খালি জায়গা, ফুটপাত ও রাস্তায় জায়গা নিয়েছেন। সেখানে বসেই তারা শুনছিলেন শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান। আর মাঠের বাইরে থাকা মুসল্লিদের বয়ান ও নির্দেশনা শোনার সুবিধার্থে প্রায় ৫০ মিটার পরপরই স্থাপন করা হয়েছে মাইক।
এদিকে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর বলেন, দেশ-বিদেশের লাখো মুসলিম জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। ইতোমধ্যে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। জিকির-আসকারে সময় পার করছেন মুসল্লিরা।
জনতার আওয়াজ/আ আ