দল-মতের ঊর্ধ্বে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এ অঞ্চলের উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান থাকবে।’
রোববার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে খুলনা মহানগরী জামায়াত কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত সকল কর্মসূচি সফল করতে হবে। এছাড়া খুলনায় বিমানবন্দর নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে। বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন। এ বিষয় নিয়ে আমি পার্লামেন্টেও কথা বলেছি।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমাদের একসাথে বসার সুযোগ হয়েছে। জামায়াত কার্যালয়ে বসে মতবিনিময় করতে পারছি। এ জন্য প্রথমে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহেরর মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।’
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি মো: নিজাম-উর-রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো: আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, সরদার রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সরদার রফিকুল আলম, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মৎস্য ও বন বিভাগ সম্পাদক এস এম মুর্শিদুল রহমান লিটন, দফতর সম্পাদক রকিব উদ্দিন ফরাজি, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, খলিলুর রহমান, আব্দুল খালেক শিকদার, এইচ এম আলাউদ্দিন, প্রমিতি দফাদারসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।
এ সময় তিনি বলেন, ‘ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৬ এপ্রিল খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি সফলে খুলনার সকল রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার অংশ হিসেবেই আজকের এ মতবিনিময় সভা। কর্মসূচিতে খুলনার সকল নাগরিকদের অংশ নেয়ার আহ্বান রইলো।’
‘এ ছাড়া আগামী ২৫ এপ্রিল ১৪৩তম খুলনা দিবস পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,’ বলেও জানান তিনি।-বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ