দাদাকে ভাত দিতে গিয়ে বাসচাপায় নাতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দাদার জন্য ভাত নিয়ে যাবার সময় বাসচাপায় সিজান সেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানোকি রায়ের পাড়া এলাকার মো. মফিজ শেখের ছেলে। সিজান স্থানীয় একটি হ্যাচারীতে কাজ করতো এবং তার বাবা সৌদি প্রবাসী। তারা এক ভাই ও দুই বোন।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঢাকাগামী জে,আর পরিবহন বাসটি যাত্রী নিয়ে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে পৌছালে বাসের পিছনের দুটি চাকা ফেটে গেলে পাশে থাকা থ্রি হুইলার মাহিন্দ্রের সাথে সংঘর্ষে হলে মাহিন্দ্র থেকে নিচে পরে সিজান কে (১৬) বাসটি তাকে চাপা দেয়। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত সিজানের সঙ্গে মাহেন্দ্রতে থাকা তার দাদি সাফিয়া বেগম বলেন, আমার স্বামী দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করেন। তার দোকানে ভাত দিতে আমি ও সিজান মাহেন্দ্র গাড়িতে করে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলাম। পথে একটি বাস আমাদের মাহেন্দ্রকে হালকা ধাক্কা দিলে সিজান মহাসড়কের ওপর পড়ে যায় এবং বাসটি তাকে চাপা দেয়।
জরুরী বিভাগে থাকা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল মুক্তাদির বলেন, আমরা নিহত সিজান শেখকে মৃত্যু অবস্থায় পেয়েছি। নিহতের মাথায় অনেক কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ধারনা করছি হাসপাতালে আনার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ উন নবী বলেন, আমরা ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটিকে জব্দ করেছি। আমরা নিহতকে ময়নাতদন্ত শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করবো, যদি তারা মামলা করতে চায় তাহলে মরদেহ মর্গে পাঠিয়ে দিবো। তিনি আরও বলেন, বাসটি জব্দের সময় সেখান থেকে কোন মাহিন্দ্র পাইনি। আমরা স্থানীয় ভাবে শুনেছি মাহিন্দ্রে নাকি কোন সমস্যা হয়নি।
জনতার আওয়াজ/আ আ