দাবদাহে পুড়ছে দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাবদাহে পুড়ছে দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ

 

রেকর্ডের পর রেকর্ড ভাঙছে এবার তাপমাত্রা। দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। গরমে পুড়ছে দেশ। একটানা তীব্র তাপদাহে সোমবার পাবনা জেলার ঈশ্বরদীর পারদ উঠেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এটা ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রাই নয়, চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এদিন মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে রাজশাহীতে ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এটি শুধু এবারেরই নয়, গত নয় বছরের মধ্যে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে ২০১৪ সালে রাজশাহীতে এই তাপমাত্রা উঠেছিল। চুয়াডাঙ্গায়ও গত ১৫ দিন ধরে উচ্চ তাপমাত্রা চলছে। দুর্বিষহ এই উত্তাপের মধ্যে সোমবারও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। তবে ঢাকায় কমেছে দাবদাহের দাপট। রাজধানীর আকাশে অবশেষে দেখা মিলেছে মেঘের মেলার। ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে ওই মেঘ বাংলাদেশে প্রবেশ করছে।

রাজধানীর আকাশে ভাসছে দূর থেকে আসা মেঘ। ভাসতে থাকা মেঘের কারণে গত ১০ দিন পর রাজধানীর তাপমাত্রা কমতে শুরু করেছে। একদিনে ঢাকার তাপমাত্রার দুই ডিগ্রির বেশি কমেছে। তাপমাত্রা কমলেও বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার তাপমাত্রা রবিবারের তুলনায় এক লাফে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার বিকেল পর্যন্ত রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস, যা রবিবার একই সময়ে ছিল ৪০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পরও তাপমাত্রা আগের দিনের তুলনায় কম থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। কারণ হিসেবে তারা বলছেন, সকাল থেকে দ্রুত মেঘের পরিমাণ বাড়তে শুরু করেছে। মেঘের আনাগোনা আরও বাড়তে পারে। তবে ১৯ এপ্রিল পর্যন্ত এই দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দু’দিনের মধ্যে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়তে থাকবে। তাতে শরীরে ঘাম হবে। তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি বাড়বে বেশি। ১৯-২০ এপ্রিলের দিকে হাল্কা বৃষ্টির আভাস রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, এমন গরম থাকবে ২৩ এপ্রিল পর্যন্ত। ২১ এপ্রিল মধ্যরাতের পর থেকে প্রায় প্রতিদিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় পর্বত-সংলগ্ন জেলাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ঢাকার তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। তবে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি খুব একটা কমবে না। আকাশে মেঘ ও আর্দ্রতা বেড়ে গিয়ে ঘাম বেড়ে যেতে পারে। তাই বেশি সময় রোদের মধ্যে না থাকাসহ দাবদাহের সময় যেসব পরামর্শ মেনে চলার জন্য বলা হয়েছে, তা মানতে হবে। আগামী দু’এক দিন তাপমাত্রা কমলেও দাবদাহ রয়ে যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ