দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৫, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৩, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৩, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন। শনিবার (১৩ জুন) দিনব্যাপী সফরে কক্সবাজার আসছেন তিনি। সফরকালে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের সদর, চকরিয়া, পেকুয়ায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ওই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৩ জুন সকালে বিমানযোগে কক্সবাজারে পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে সকাল ১০টায় তিনি কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেখানে এক পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর ১২টায় তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে দুপুর সোয়া ১২টায় মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ও পেকুয়ার সন্তান শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি শহীদ ওয়াসীমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর বেলা দেড়টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করার কথা রয়েছে। এসব আনুষ্ঠানিকতা শেষে পেকুয়ার সাঈদ মঞ্জিলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে তিনি সড়কপথে কক্সবাজার শহরে ফিরে যাবেন।

সন্ধ্যা ৭টায় মেরিন ড্রাইভ সড়ক হয়ে সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৮টায় হোটেল লং বিচ অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সফরের শেষ পর্যায়ে রাত ১০টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও কক্সবাজারে অবস্থান করছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সরাসরি তদারকির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার (১২ জুন) দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারে পৌঁছান সরকারের আরও ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিমানবন্দরে অবতরণের পর তাদের ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।

সফর উপলক্ষে কক্সবাজারে অবস্থানরত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো কক্সবাজারে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তিন হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলার প্রায় ৫০০ সদস্য এবং জেলার বাইরে থেকে বিভিন্ন ইউনিটের প্রায় আড়াই হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে এপিবিএন, এসবি ও ডিএসবির সদস্যরাও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করবেন। ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কক্সবাজারে পৌঁছেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রধানমন্ত্রী যেসব স্থান পরিদর্শন করবেন এবং যেসব স্থাপনার ভিত্তিপ্রস্তর বা ফলক উন্মোচন করবেন, সেসব এলাকায় আগাম নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ করে পুরো কক্সবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ