দেশ এখন চলছে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী কায়দায় : ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৪, ২০২২ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৪, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বর্তমান সরকারকে ‘কর্তৃত্ববাদী’ আখ্যা দিয়ে দেশের আইন-আদালতসহ সবকিছু এখন আওয়ামী লীগ সরকারের নির্দেশ মোতাবেক চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইন-আদালতকে হাতিয়ার বানিয়েছে। দেশ এখন চলছে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী কায়দায়।
সোমবার (৪ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েরি মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদণ্ডাদেশ দেওয়ার মাধ্যমে দেশে জুলুমের শাসন চালানো হচ্ছে।
তিনি বলেন, সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে।এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপিকর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুল প্রত্যেককে আদালত কর্তৃক দুই বছর দুই মাস করে সাজা দেওয়া হয়েছে।
তবে সরকারের অপকর্ম ও ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত বিএনপি কর্মীদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির জোর দাবি জানান।
জনতার আওয়াজ/আ আ