দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৭, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৭, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরনের দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী কল্যান পরিষদ।
বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, দেশের করোনাকালে দৈনিক ভিত্তিতে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা সকল আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন। জীবন বাজি রেখে লকডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ পানি গ্যাস সহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল সমূহ ও সরকারি সকল প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার লক্ষ্যে আমরা দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা দায়িত্ব পালন করে গিয়েছি। অথচ করোনা পরবর্তী সমযে সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে প্রণোদনা দেওযা হলেও আমাদেরকে সেইখান থেকেও বঞ্চিত করা হয়েছিল।
তারা আরও বলেন, বিগত সরকারের শাসনামলের দীর্ঘ ১৫-২০ বছর আমরা দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন নির্যাতন বৈষম্যের শিকার হয়ে ছিলাম। ৫ আগস্টের পর ড. ইউনুসের নেত্বৃত্বে অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার শাসনভার গ্রহণ করে শ্রম সংস্কার কমিশন গঠন করে। গত ২১ এপ্রিল কমিশন প্রধান উপদেষ্টা বরাবর সংস্কার প্রস্তাবনা জমা দেন। কিন্তু এর পূর্বেই ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালযের প্রবিধি শাখা-৩ হতে একটি নীতিমালা প্রকাশ করা হয়, যা দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা। এই নীতিমালায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের অধিকার হরণ করা হয়েছে। পূর্বের নীতিমালা হতে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, যা নীতিমালার সাথে সাংঘর্ষিক।
এসময় সংবাদ সম্মেলন থেকে তারা ৬ টি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়িতশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথীল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ/আত্তীয়করণ; আউটসোর্সিং নীতিমালা ২০২৫ ঠিকাদার প্রথা বাতিল; মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নূনতম্য মজুরি ৩০ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিকরণ; উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অধিকাল ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান; ৬ মাস মাতৃীকালীন ছুটি ও বাৎসরিক ২০দিন নৈমিত্তিক ছুটি প্রদান; চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান।
সংবাদ সম্মেলনে এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ