দৌলতপুরে মাঠ দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৌলতপুরে মাঠ দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ

 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে খড়ের মাঠ দখল নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে চৌদ্দ হাজার বিঘা মৌজার বিস্তীর্ণ খড়ের মাঠ দখল নিয়ে কাকন বাহিনী ও মণ্ডল বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনী ও পার্শ্ববর্তী বাঘা উপজেলার মণ্ডল বাহিনীর মধ্যে পদ্মার চরে জেগে ওঠা খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের সন্ত্রাসীরা কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি ও অস্ত্র নিয়ে একে অপরের ওপর ধারালো হামলা ও পাল্টা হামলা চালায়। গুলিতে মণ্ডল বাহিনীর প্রধান মুনতাজ মণ্ডলসহ চারজন গুলিবিদ্ধ হলে মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুকুর মণ্ডলের ছেলে নাজমুল মণ্ডল (২৬) মারা যান। আহতদের মধ্যে চাঁন মণ্ডলের ছেলে মণ্ডল বাহিনী প্রধান মুনতাজ মণ্ডল (৩২) ও আরশাদ মণ্ডলের ছেলে রাকিব মণ্ডল (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহতদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের নিচ খানপুর গ্রামে।

অপরদিকে মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজার বিঘা চর এলাকায় পদ্মা নদী থেকে লিটন আলী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সে ভেড়ামারা উপজেলার রায়টা নতুনহাট এলাকার কামরুল ইসলামের ছেলে। পাবনার ঈশ্বরদী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দৌলতপুরের পদ্মার চরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। সোমবার দুপুরে কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী জেলার সীমানা লাগোয়া পদ্মাচরের বিস্তীর্ণ খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পদ্মার চরে বন্দুকযুদ্ধের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, ঘটনাস্থলটি দৌলতপুর ও বাঘা থানার সীমান্ত এলাকায় হওয়ায় তদন্তে বাঘা থানা পুলিশ কাজ করছে।

অপরদিকে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, দৌলতপুরে খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে কাকন বাহিনী ও মণ্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। উদ্ধার হওয়া নিহতদের মরদেহ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ