নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দৈনিক নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বেলা ১১টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর।
এছাড়া উপস্থিত আছেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, মাহমুদুর রহমান মান্না, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও লেখক ড. মোহাম্মদ আবদুল মজিদ; সাবেক জজ, সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদ; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, দৈনিক নয়া দিগন্তের বার্তা সম্পাদক বাকের হোসেইন।
আরো উপস্থিত আছেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের মেয়ে ব্যারিস্টার সাবরিন তাবাসসুম।
২০০৪ থেকে ২০২৩ সাল ১৯ বছর পূর্ণ করে বিশে পা রাখছে দৈনিক নয়া দিগন্ত। এই অভিযাত্রা কালের বিবেচনায় হয়তো দীর্ঘ পথ নয়। তবে গণমাধ্যমের জন্য এই পথ-পরিক্রমার সময়টি ছিল বেশ কঠিন। এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের দাপট, মহামারী করোনাভাইরাস পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সংবাদপত্রকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে।
এমনিতেই গণমাধ্যমের বিকাশ ও অগ্রযাত্রা গণতন্ত্র চর্চার নিরবচ্ছিন্ন পরিবেশের ওপর নির্ভর করে। সেই পরিবেশ পৃথিবীর দেশে দেশে গত দেড় দশকে বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। মুক্ত সাংবাদিকতা এখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কিছু কালাকানুনের কারণে বাধাগ্রস্ত হয়েছে। আর্থ-রাজনৈতিক পরিবেশের দাপটীরাও কায়েমি স্বার্থের কারণে গণমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহকে নিয়ন্ত্রিত করতে চেয়েছে।
এসবের মোকাবেলা করেই বাংলাদেশের গণমাধ্যমকে সত্য প্রকাশের অঙ্গীকারকে এগিয়ে নিতে হয়েছে। নয়া দিগন্ত বরাবরই এই অঙ্গীকারের প্রতি ছিল অবিচল। সংবাদপত্রের জন্য অপরিহার্য বিজ্ঞাপন প্রাপ্তি তুলনামূলক কমে যাওয়া এবং নিউজপ্রিন্টের মতো মুদ্রণ উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়াসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে পথচলা অব্যাহত রেখেছেন নয়া দিগন্তের সাংবাদিক-কর্মীবৃন্দ।
চলার এই পথে নয়া দিগন্তের পাঠক, বিজ্ঞাপনদাতা, শেয়ারহোল্ডার, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন বৈরী অবস্থাকে জয় করে সত্যের প্রতি অঙ্গীকার রক্ষায় সাহায্য করেছে। নয়া দিগন্তের অঙ্গীকার এ দেশের মাটি মানুষ সার্বভৌমত্ব নিরাপত্তা ও সার্বজনীন বিশ্বাসের প্রতি। একই সাথে পরম করুণাময়ের প্রতি বিশ্বাসকে ধারণ করে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার ব্যাপারে আস্থাশীল।
জনতার আওয়াজ/আ আ