নারী শক্তিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী শক্তিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বলেন, স্বাধীনতার পর থেকে আমাদের মায়েরা অধিকার আদায়ের লড়াই সংগ্রামে অবদান রেখেছেন।

সেলিনা রহমান বলেন, ‘আপনারাই সেই নারী, যাদের ভোটে নির্বাচিত হয়ে গণতন্ত্রের মা, ডেমোক্রেসিভ নেত্রী বেগম খালেদা জিয়া নারী নেত্রী হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হন।’

তিনি আরও বলেন, ‘কিন্তু কিছু পক্ষ নারীদের “জান্নাতের টিকিট বিক্রি” করার নামে ঘরে আবদ্ধ রাখতে চায়। আমরা চাই নারীরা স্বাধীনভাবে সমাজ ও রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করুক।’

বেগম সেলিমা রহমান শহীদ জিয়াউর রহমানের স্মৃতিধন্য বগুড়া জেলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও বৈষম্যহীন। তরুণ ভোটারদের আমি আহ্বান জানাই, ‘প্রথম ভোট ধানের শীষে দিন।’

তিনি সমাবেশে উপস্থিত শিক্ষিত তরুণীদের উদ্দেশ্যে বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য ও উপবৃত্তি প্রদান করেছেন। সেই সুযোগে আজকে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন। আজকের শিশুরা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, রাজনীতিবিদ বা হয়তো প্রধানমন্ত্রী হবেন। আমরা হয়তো সেখানে থাকব না, কিন্তু আপনারাই দেশের গঠনের প্রধান হাতিয়ার। সেই শক্তি দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।’

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানান, একটি গোষ্ঠী নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রযাত্রা থামানোর জন্য সুপরিকল্পিতভাবে নারীদের ঘরে আবদ্ধ রাখার চেষ্টা করছে। তিনি বলেন, ‘একটি দল সুকৌশলে নারীদের ঘরে আবদ্ধ করতে চায়। কিন্তু বিএনপি নারীদের সঙ্গে নিয়েই রাষ্ট্র মেরামত ও উন্নয়নের রাজনীতি করতে চায়।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এছাড়া ধানের শীষের প্রার্থী এবং সাবেক এমপি গোলাম মো. সিরাজ উপস্থিত জনতার কাছে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বাশার, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানি, সহসভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক তৌহিদুজ্জামান পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রসিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার কলিন্সসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, নারীর ওপর নির্যাতন-নিপীড়নের বিচার নিশ্চিত করা এবং তাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা সময়ের দাবি। পাশাপাশি নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক অঙ্গীকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ