নির্বাচনে জাপার অবস্থান নিয়ে বার্তা দেয়নি ভারত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে জাপার অবস্থান নিয়ে বার্তা দেয়নি ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৩, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৩, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে ভারত কী বার্তা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, না, বার্তা দেয়নি। আমাদের দল আমরা চালাব, ওনাদের বার্তা দেওয়ার কিছু নেই। ওনারা বলেছেন যে একটা ভালো নির্বাচন হোক এবং সহিংসতা না হোক—নির্বাচনের আগে এবং পরে। যেন দেশটা শান্তিপূর্ণভাবে চলে। এটা আমাদের সকলের স্বার্থেই দরকার।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারত সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চায় ভারত। দেশটি চায়, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশে যাতে কোনো ক্রমেই সহিংসতা, অরাজকতা না হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলোচনা কার সঙ্গে হয়েছে বা কী বিষয়ে হয়েছে এ প্রসঙ্গে বিস্তারিত বলতে পারবো না। কারণ আলাপগুলো ওইভাবেই হয়েছে। উনারা যদি কিছু প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে উনাদের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না। তবে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জাপা সম্পর্কে ভারতের ভালো ধারণা আছে উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে ভালো লেগেছে যে জাতীয় পার্টি সম্পর্কে উনাদের ধারণা ভালো। পার্টিকে একটা সম্ভাবনাময় দল মনে করেন তারা। উনাদের আস্থা আছে যে জাতীয় পার্টির সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দপূর্ণ ছিল যা সব সময় থাকবে।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ভারতের চাওয়া সম্পর্কে জি এম কাদের বলেন, নির্বাচনের আগে এবং পরে যাতে কোনো সহিংসতা বা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনিশ্চিত কিছু না হয় তাই চায় ভারত। এটা হলে ওনারা খুশি হবেন। কারণ, এখানে ওনাদের অনেক ধরনের বিনিয়োগ আছে।

তিনি বলেন, বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে কাজকর্ম করা সহজ হবে। তারা প্রত্যাশা করেন, আমরা সবাই মিলে ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি, যাতে সুন্দর একটি নির্বাচন হয়।

নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে মতদ্বৈধতা, এ ক্ষেত্রে ভারতের অবস্থান কী এ প্রশ্নের জবাবে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, ভারত বলেছে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই, নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।

এ ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তারা জাতীয় পার্টিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার কথাও বলেছেন বলে জানান তিনি। তারা বলেছেন, যেহেতু জাতীয় পার্টির সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে, তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে, সবাইকে একসঙ্গে করে, সুন্দর একটা নির্বাচন করতে পারলে তারা খুশি হবেন।

জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, এই সফরে জি এম কাদেরের সঙ্গে তার স্ত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং দলের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান, অংশগ্রহণ এবং জোট গঠনসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ভারতের বিজেপি নেতা ও সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও মন্ত্রী পর্যায়ে এই সফরে সাক্ষাৎ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ